পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬ ০৩:৫২ অপরাহ্ণ   |   ১২৭ বার পঠিত
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রধান:


রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ মার্চ ২০২৬) আয়োজিত এ কুচকাওয়াজে এক বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপাররা অংশ নেন এবং এর মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

বক্তব্যে তিনি বলেন, “পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়।” তিনি নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি.এম. আজিজুর রহমান।

 

২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এ ব্যাচে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন আহমেদ সাদমান সাকিব।

 

এতে ‘বেস্ট প্রবেশনার’ ও একাডেমিক কৃতিত্বের জন্য পুরস্কার পান মোঃ ফাহিম ফয়সাল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব দেখান আরাফাত হোসেন, শাওন রেজা ও বাপী কুমার দাশ।

 

সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণে অংশ নেবেন।