টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে থানায় গেছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়েরের উদ্যোগ নেন তিনি। তার সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তীসহ টালিউডের একাধিক তারকা।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এ ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী প্রযোজনা সংস্থার ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শিল্পীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায় নির্ধারণের দাবিতে সরব হয়েছেন অনেকেই।
এদিকে রাহুলের স্মরণে শনিবার (আজ) বিকেলে পদযাত্রার আয়োজন করা হয়েছে। পুরো ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিই এখন জোরালো হয়ে উঠছে।