নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অপহরণ করে নির্যাতন এবং কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাতে ঘোড়াশাল এলাকার মেসার্স সজীব ট্রেডার্সের মালিক মো. সজীব মিয়া বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন। মামলায় ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—জামাল (৪১), জনি (৩২), আনোয়ার (৪০), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪) ও রিজন (৩৭)। তাদের সবার বাড়ি ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকায়। মামলায় দাবি করা হয়েছে, তারা মহিউদ্দিন চিশতির অনুসারী। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ড্রেজার ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাকে তুলে এনে শারীরিক নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে তার কান কামড়ে গুরুতর জখম করা হয়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।