পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন চ্যাম্পিয়ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০২:১৭ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন চ্যাম্পিয়ন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :


 

চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ১৭ ইউনিয়নের প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
 

গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ভাটিখাইন ও প্রতিপক্ষ দলের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাটিখাইন দল।
 

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা সৃষ্টি করে। নির্ধারিত সময়ে ফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভাটিখাইন ৪-৩ গোলে জয় নিশ্চিত করে।
 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক। উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মইনুল আলম ছোটন। প্রধান বক্তা ছিলেন সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন।
 

বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহেরসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের নেতারা।
 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জিয়া পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।