নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে বিক্ষোভ, আটক ৫

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১০ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে বিক্ষোভ, আটক ৫

আজিজুর রহমান, নোয়াখালী:

 

নোয়াখালীর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেছেন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন হল মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দিকে প্রায় ৩০-৩৫ জন নেতা-কর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে একটি ব্যানার টাঙিয়ে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করে চলে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ মাস ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— মো. সফিকুল ইসলাম নাজিম (৪৩), মো. কাউছার হামিদ (৩৮), মো. জিয়াউল রহমান রাজ (৪৮), মো. আবু সাঈদ (৫৫) ও বিদ্যুৎ রঞ্জন পাল (৪৯)।

নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভোরে একদল ব্যক্তি দলীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে কার্যালয়ের প্রধান ফটক বন্ধ ছিল।