চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় অংশ নিতে মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পটিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। “নববর্ষের ঐকতান-গণতন্ত্রের পুনরুদ্ধার” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে গান, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি, পাপেট শো ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলায় কুটির শিল্পের পসরা, নাগরদোলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মেলাঙ্গনে সৃষ্টি হয় জনস্রোত। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের প্রতীক। দেশীয় সংস্কৃতি লালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।