সেন্টমার্টিনের সাগরে অভিযান, সিমেন্টসহ আটক ৮

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
সেন্টমার্টিনের সাগরে অভিযান, সিমেন্টসহ আটক ৮

মো:মোজাম্মেল হক, টেকনাফ প্রতিনিধি:
 

টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’।

 

অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় বোটসহ ৮ জনকে আটক করা হয়।

 

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সাগরপথে পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।