জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। এ কারণে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে যানজট এড়াতে কিছু সড়কে বিকল্প পথে যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে না ঘুরে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যাবে।
অন্যদিকে মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।