আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম, সাম্য ও সম্প্রীতির মহান আদর্শকে ধারণ করে চট্টগ্রামের পটিয়ায় হজরত খাজা গরিবে নেওয়াজ (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আশেকানে খাজা মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন চিশতির উদ্যোগে এক প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর সওদাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্বারী মাওলানা মো. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল হক মনু, মো. সোহেল রাসেল, মো. নুরুল আমিন ও মো. হারুনুর রশীদ।
সভায় বক্তারা বলেন, হজরত খাজা গরিবে নেওয়াজ (রহ.) ছিলেন মানবপ্রেম, উদারতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবকল্যাণের এক অনন্য আদর্শ। তাঁর জীবনদর্শন মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা, সহনশীলতা ও মানবসেবার শিক্ষা দেয়। বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, সুফি সাধকদের মানবকল্যাণমূলক শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই নতুন প্রজন্মের কাছে খাজা গরিবে নেওয়াজের জীবনাদর্শ ও আধ্যাত্মিক দর্শন তুলে ধরতে হবে। তাঁর মানবপ্রেমের শিক্ষা ধারণ করে শান্তিপূর্ণ, সুন্দর ও আলোকিত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জোনাব আলী, মো. মামুন, দিদারুল আলম, আবদুর রশীদ, মো. সাজ্জাদ, মো. নাজিম উদ্দিন, মো. ফয়সাল, মো. শাউন ও মো. মফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল আমিন মিন্টু।
সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আগামী ৬ রজব পবিত্র বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ওরশের আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আশেকান, ভক্তবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।