ঈশ্বরদীতে মধ্যরাতে দাদি হত্যার পর নাতনিকে অপহরণ, সরিষা ক্ষেতে মিলল মরদেহ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
ঈশ্বরদীতে মধ্যরাতে দাদি হত্যার পর নাতনিকে অপহরণ, সরিষা ক্ষেতে মিলল মরদেহ

পাবনা প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাড়ি থেকে তার কিশোরী নাতনিকে অপহরণ করা হয়। পরদিন সকালে পাশের একটি সরিষা ক্ষেতে নাতনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত বৃদ্ধার নাম সুফিয়া খাতুন (৬৫)। তিনি ভবানীপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁ’র মা। নিহত কিশোরীর নাম জামিলা আক্তার (১৫), তিনি জয়নাল খাঁ’র মেয়ে। পুলিশ ধারণা করছে, অপহরণের পর কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
 

শুক্রবার (দিবাগত রাত) কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের দিকে কান্নাকাটির শব্দ শুনে কয়েকজন বাড়ির বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে কাছাকাছি একটি সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
 

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”