ঈদে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ সিনেমায় শিল্পী নির্ধারণে চাঁদপুরের রেজাউল করিম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
ঈদে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ সিনেমায় শিল্পী নির্ধারণে চাঁদপুরের রেজাউল করিম

এবারের ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলোর মধ্যে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমায় মডেল ও জুনিয়র অভিনয় শিল্পী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চাঁদপুরের তরুণ ‘কাস্টিং ডিরেক্টর’ রেজাউল করিম। 

 

জানা যায়, ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় প্রধান চরিত্রের পাশাপাশি বিভিন্ন দৃশ্যে যথা-প্রয়োজনীয় সহশিল্পী ও জুনিয়র আর্টিস্ট নির্ধারণের কাজ করেছেন রেজাউল করিম। তার নির্বাচিত মডেলদের মাধ্যমে দুই সিনেমার বিভিন্ন দৃশ্য আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। 

 

সংশ্লিষ্টরা জানান রেজাউল করিম ভাইয়ের শিল্পী চয়ন এক অনন্য প্রতিভার দৃষ্টান্ত। এদিকে, রেজাউল করিম জানান, শুধু এ বছরই নয়, গত বছর ঈদেও তিনি বেশ কিছু আলোচিত সিনেমায় কাস্টিংয়ের কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘দাগি’, ‘শেষবাজি’, ‘ইনসাফ’, ‘বরবাদ’সহ আরও বেশ কয়েকটি সিনেমা।

 

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাস করার পর পড়াশোনার জন্য ঢাকায় আসেন রেজাউল করিম। পরে মিরপুর সরকারি বাংলা কলেজে অনার্সে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি মিডিয়ায় কাজ করার আগ্রহ থেকেই ধীরে ধীরে কাস্টিং ডিরেক্টর হিসেবে নিজের জায়গা তৈরি করে বেশ কিছু পরিচালকদের স্নেহ ও ভালোবাসা পেয়ে চলেছেন রেজাউল করিম।

 

চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন রেজাউল করিম। এর মধ্যে রয়েছে ‘মহানগর-২’, ‘জিম্মি’, ‘কারাগার’, ‘আঁকা’, ‘দাগ’, ‘ফাঁদ’সহ আরও বেশ কিছু ওয়েব সিরিজ। এছাড়া অসংখ্য টিভি নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে মডেল নির্ধারণ করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৪০০টিরও বেশি টিভি বিজ্ঞাপনে কাস্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন রেজাউল করিম।

 

তিনি জানান, ঈদের জনপ্রিয় গ্রামীণফোনের বিজ্ঞাপন ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’এ গত চার বছর ধরে জুনিয়র মডেল নির্ধারণের কাজ করছেন তিনি। পরিচালক শাহরিয়ার পলকের হাত ধরেই ২০২১ সালে বিএসআরএম-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হয়। শুরু থেকেই একজন পেশাদার কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার স্বপ্ন ছিল তার। 

 

সম্প্রতি স্কয়ার গ্রুপের ‘মেরিল’ ব্র্যান্ডের শাকিব খান অভিনীত একটি বিজ্ঞাপনেও জুনিয়র আর্টিস্ট নির্ধারণে কাজ করেছেন তিনি। রেজাউল করিম বলেন, ‘প্রিন্স ও রাক্ষস সিনেমায় কাজ করতে গিয়ে পরিচালক-সহ পুরো টিমের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তাদের সমর্থন আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।’

 

বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছেন তিনি। এর মধ্যে রয়েছে আড়ং, সেইলর, এফএক্স, বাটা, বে, প্রাণ-আরএফএল, ওয়াল্টন, ভিভো, ইনফিনিক্স, কোকা-কোলা, স্প্রাইট, ফ্রেশ, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, নগদ ও বিকাশসহ আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়া দেশের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিব, অমিতাভ রেজা চৌধুরী, আজমান রোশু ও শাহরিয়ার পলকসহ আরও অনেক পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। 

 

টেলিভিশন নাটকেও জনপ্রিয় অভিনেতা অপূর্ব, মুশফিক আর ফারহান, নিলয় আলমগীর, জাহের আলভি, আরশ খানসহ অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন রেজাউল। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’তেও কাস্টিংয়ের কাজ করেছেন তিনি। বর্তমানে সিনেমা, নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রেজাউল করিম। কোরবানির ঈদে মুক্তির সম্ভাবনা থাকা আরও একটি নতুন সিনেমার কাজ নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

 

নতুনদের উদ্দেশ্যে রেজাউল বলেন, ‘যারা মিডিয়ায় কাজ করতে আগ্রহী, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চাই নতুনদের সুযোগ দিতে এবং ভালো কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে।’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আরও ভালো কাজ করে অনেক দূর এগিয়ে যেতে চাই।’