প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক:

 

সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
 

শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
 

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
 

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।
 

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি আবারও নিজেদের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
 

তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু দমন করতে চায় না বর্তমান সরকার। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, অতীতে অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দলটি দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল—এমন বিষয় দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্তমান বাস্তবতায় সঠিক ও যৌক্তিক বলে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 

প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলমান রয়েছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করবে।
 

থানা ও সরকারি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে তিনি বলেন, কোনো এলাকার মানুষ যদি মনে করেন সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রেও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
 

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর স্মৃতি সংরক্ষণ, মানুষের হৃদয়ে তাঁকে চিরস্মরণীয় করে রাখা এবং জুলাই আন্দোলনের ইতিহাসকে স্মরণীয় করে রাখতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।
 

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এ অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের সমান অধিকার রয়েছে। কোনো অঞ্চলে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা যেমন গৌরবের, তেমনি সেখানকার দর্শকদেরও আন্তর্জাতিক মানের খেলা উপভোগ করার সমান অধিকার রয়েছে।