💫 গ্রিল কেটে ঢুকে ১৮ লাখ টাকার মালামাল লুট, নিয়ে গেল ৫ টি ল্যাপটপ।
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর বসতবাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ৫টি ল্যাপটপসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের পালাসুতা চৌমুহনী জাহাঙ্গীর সুপার মার্কেট সংলগ্ন প্রবাসী ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ জরুরি প্রয়োজনে বাড়ির মালিকের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাইরে যান। দীর্ঘ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় সংঘবদ্ধ চোরচক্র। শুক্রবার বিকেল ৩টার দিকে প্রতিবেশীরা বাড়ির জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে ভেতরে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, পাঁচটি আলমারি ভাঙচুর করে তছনছ করা হয়েছে এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা ঘরে থাকা মূল্যবান ৫টি ল্যাপটপ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন দামী সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এমন পরিকল্পিত চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, বাড়ি ফাঁকা থাকার বিষয়টি নিশ্চিত হয়েই একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চুরির ঘটনাটি এখনো আমাদের কাছে জানানো হয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।