মাদকমুক্ত গ্রাম গড়ার প্রত্যয়ে গোপালপুরের যুবসমাজের উদ্যোগ, মাদকবিরোধী র‍্যালি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ   |   ৫৮ বার পঠিত
মাদকমুক্ত গ্রাম গড়ার প্রত্যয়ে গোপালপুরের যুবসমাজের উদ্যোগ, মাদকবিরোধী র‍্যালি

মাধবপুর প্রতিনিধি:

একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের যুবসমাজ ঐক্যবদ্ধ হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় যুবকদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 হাফেজ সুমন আল মাহদীর নেতৃত্বে জহিরুল ইসলাম, মোঃ শাহআলী ও মোঃ জয়নাল মিয়াসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা অংশগ্রহণ করেন। সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং গ্রামে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী শুক্রবার সকাল ৯টায় একটি মাদকবিরোধী র‍্যালি বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। র‍্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই নিজেদের গ্রামকে সুন্দর ও মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে যুবসমাজের পাশাপাশি গ্রামের মুরব্বি, অভিভাবক ও সম্মানিত ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

আসন্ন মাদকবিরোধী র‍্যালিতে গোপালপুর গ্রামের সর্বস্তরের যুবক, মুরব্বি, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল সচেতন নাগরিককে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, মোঃ শাহআলী, মোঃ মাহিন, মোঃ আরাফাত, মোঃ আরশাফুল, মোঃ মরতুজ আলী, মোঃ বেলাল মিয়া, মোঃ জয়নাল মিয়া, মোঃ তামিম, মোঃ সবুজ মিয়া, মোঃ আরশাফুল ইসলাম নিপু, মোঃ হাসান আলী ও রাহুল কপালীসহ গ্রামের অন্যান্য যুবসমাজ।

তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে গোপালপুর গ্রামকে একটি আদর্শ, সুন্দর ও মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।