ঢাকায় আনা হচ্ছে অভিনেতা সোহেল খানের মরদেহ, দাফন ধামরাইয়ে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৬ ০৪:১৬ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
ঢাকায় আনা হচ্ছে অভিনেতা সোহেল খানের মরদেহ, দাফন ধামরাইয়ে

বিনোদন ডেস্ক

 

হাস্যরসাত্মক অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দীর্ঘদিন দর্শকদের আনন্দ দিয়েছেন অভিনেতা সোহেল খান। পর্দায় তাঁর সাবলীল অভিনয়, সংলাপ ও অভিব্যক্তি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তবে এবার হাসি-আনন্দের সেই মানুষটি ফিরছেন নিথর দেহে। বগুড়া থেকে তাঁর মরদেহ ঢাকায় আনা হচ্ছে। পরে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
 

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এ তথ্য জানিয়েছেন।
 

হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
 

জানা গেছে, একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে মো. ইকবালের পরিচালনায় ‘নসীব’ সিনেমার শুটিং করছিলেন তিনি। গত ১৯ নভেম্বর থেকে শুটিং ইউনিটের সঙ্গে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।
 

শুটিং ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 

সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার পরিচালক মো. ইকবাল। তাঁর মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে বলেও জানান পরিচালক।
 

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। এরপর ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি।
 

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়প্রতিভার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
 

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তদের কাছে তাঁর অভিনীত চরিত্রগুলো দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।