বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান গ্রেপ্তার

আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় রয়েছেন। এ সময় ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়।
 

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবি-১-এর একটি আভিযানিক দল। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), গাজীপুরের রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের ফুরকান হোসেন (১৯)।
 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর দলটি বৈষ্ণব পাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত বা সংশ্লিষ্ট একটি ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
 

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারিরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
 

তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।