নিজ কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
নিজ কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবার নিজ কর্মস্থলে ফিরেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
 

সেন্টারে পৌঁছে ড. ইউনূস প্রথমে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা দলের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ বিরতির কারণে কিছু প্রকল্প সীমিত আকারে চললেও তাঁর প্রত্যাবর্তনের ফলে সেগুলো দ্রুত গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
 

কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, “মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি উদ্যোগ জনগণের কল্যাণে নিবেদিত। সুবিন্যস্ত পরিকল্পনা ও সময়মতো বাস্তবায়ন ছাড়া সামাজিক পরিবর্তন সম্ভব নয়।”
 

কর্মীরা জানান, ড. ইউনূসের উপস্থিতিতে তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্রঋণ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক ব্যবসা খাতে তাঁর দিকনির্দেশনা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা। বৈঠক শেষে তিনি সেন্টারের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করেন।
 

কর্মকর্তাদের মতে, ড. ইউনূসের পুনরায় নেতৃত্ব কেবল ইউনূস সেন্টার নয়, গ্রামীণ পরিবারের সামাজিক ও আর্থিক উদ্যোগগুলোতেও নতুন গতি ও শক্তি সঞ্চার করবে।