ভারতের দিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় এ বৈঠক হবে।
এ ছাড়া ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও বৈঠক করবেন খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এসব বৈঠকে অংশ নেবেন।
বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দেশে প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে পলাতক সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময়সহ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হতে পারে।
মঙ্গলবার তিন দিনের ভারতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম কোনো মন্ত্রী দিল্লি সফরে গেলেন।
দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন। আগামীকাল ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। একই ফ্লাইটে একসঙ্গে মরিশাসে যাবেন ড. খলিলুর রহমান ও ড. এস জয়শঙ্কর। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ১০-১২ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে।