তিন দিনের এক দ্বিপক্ষীয় সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমানের এটিই প্রথম কোনো বিদেশ সফর। এই সফরে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বিভিন্ন সম্পর্কের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
মস্কো সফরের দ্বিতীয় দিনে ড. খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এর আগে ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর ২০২৩ সালে এক সরকারি সফরে ঢাকা এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরের সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবার দেশটিতে সফরে গেলেন ড. খলিলুর রহমান।