লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪, নিহতদের মধ্যে ৮৩ শিশু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ণ   |   ৪২৯ বার পঠিত
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪, নিহতদের মধ্যে ৮৩ শিশু

অনলাইন ডেস্ক

 

লেবাননে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

রোববার প্রকাশিত হালনাগাদ তথ্যে মন্ত্রণালয় জানায়, হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ হাজার ১৩০ জন।
 

গত সোমবার থেকে লেবাননের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার রাতভর লেবাননের একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
 

এছাড়া হিজবুল্লাহর এলিট কমান্ডো ইউনিট ‘রাদওয়ান ফোর্স’-এর কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। একই সঙ্গে দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় রাদওয়ান ফোর্সের দুটি কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
 

উল্লেখ্য, রাদওয়ান ফোর্স হিজবুল্লাহর একটি বিশেষ কমান্ডো ইউনিট হিসেবে পরিচিত।
 

সূত্র: আল জাজিরা।