জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৫ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

 

জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
 

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনা পরিষ্কার করছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী সম্পর্কে চাচা হামিদুল শেখ তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
 

ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে অন্তঃসত্ত্বা বলে জানান।
 

এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত বছরের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল মাসুম।
 

আদালতে বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় ঘোষণা করেন।