রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্কিং করে রাখা গাড়িটিতে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। এ ঘটনায় কেউ হতাহত হননি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যম সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, মগবাজারের বিশাল সেন্টারে সংগীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত অফিস রয়েছে। তাঁর গাড়িতে গুলির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।