তরুণদের দক্ষতা উন্নয়ন জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ আগu ২০২৬ ০৬:১৩ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
তরুণদের দক্ষতা উন্নয়ন জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:



তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু চাকরি পাওয়া বা ব্যক্তিগত কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উদ্যোগে এবং চোরগউসান ফর চিলড্রেন ও এডুকোর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
 

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না; নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরির বাজার সম্প্রসারণের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
 

তিনি বলেন, ‘জব ক্রিয়েশন’, ‘জব এক্সটেনশন’ কিংবা ‘জব মার্কেট এক্সপানশন’—যে নামেই বলা হোক, এর ভিত্তি হলো অর্থনীতি, শিল্পনীতি ও উৎপাদননীতি। এসব নীতির সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব ও নীতিনির্ধারণের বিষয় সরাসরি জড়িত। তাই কর্মসংস্থান সমস্যার সমাধানে শুধু দক্ষতা উন্নয়ন নয়, চাকরির বাজার সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনাও চিহ্নিত করতে হবে।
 

তরুণদের নিজেদের জ্ঞান, মেধা ও সক্ষমতাকে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে জ্ঞান ও প্রযুক্তি এনে বাংলাদেশের জনশক্তিকে আধুনিক পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগের উদাহরণ তুলে ধরেন।
 

তিনি বলেন, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংকঋণ, বিদেশি জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংযোগ এবং নীতিগত সহায়তার মাধ্যমে তখন নতুন একটি শিল্পখাতের ভিত্তি তৈরি হয়েছিল। রাষ্ট্রের এমন নীতিগত সহায়তার সুফল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
 

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস পণ্য রপ্তানি ও প্রবাসী আয়। সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করতে নতুন নতুন শিল্প ও উৎপাদন খাত গড়ে তোলার কোনো বিকল্প নেই।
 

চাকরিপ্রার্থী তরুণদের উদ্দেশে তিনি বলেন, ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি ও জাতীয় স্বার্থ সম্পর্কেও ধারণা রাখতে হবে। এসব বিষয়ে মৌলিক ধারণা না থাকলে একজন তরুণ চাকরি পেলেও তার দক্ষতা ও সম্ভাবনাকে জাতীয় স্বার্থের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা সম্ভব নাও হতে পারে।
 

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক কারিকুলাম প্রণয়নের সময় নৈতিকতা, দর্শন এবং দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কেও ধারণা দেওয়ার জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
 

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের শুধু দক্ষ কর্মী হিসেবে নয়, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। একই সঙ্গে দক্ষতা উন্নয়নের পাশাপাশি অর্থনীতি, শিল্প ও উৎপাদনের নতুন ক্ষেত্র সৃষ্টি করে কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করতে হবে।
 

এ জন্য রাষ্ট্র, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ। এতে আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।