এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে নায়িকা পূজা চেরীর সিনেমা ‘দম’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির টিজারে একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিটির প্রচার–প্রচারণার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন পূজা। প্রেম নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।’
যদিও এর আগে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের কথা জানিয়েছিলেন।
প্রেমের সম্পর্ক ও মূল্যবোধ প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।’
তাহলে কবে বিয়ে করছেন—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পারিবারিকভাবেই আয়োজন হবে সবকিছু। সময় হলে সবাইকে জানিয়ে বিয়ে করাই তাঁর ইচ্ছা।
এদিকে বিয়ের পর বিনোদন অঙ্গনে থাকবেন কি না—এ বিষয়ে পূজা চেরী বলেন, ‘আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না–করা সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়েছে। তার ভাষ্য, ইচ্ছে হলে মিডিয়ায় কাজ কর, ছেড়ে দিতে চাইলে ছেড়ে দাও। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’