ঢাকা প্রেস প্রতিবেদক
চার মাস বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার থেকে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়।
বিমানের প্রথম ফ্লাইট (বিজি-২০৮) যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে দুপুর ১২টা ৪ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে নির্ধারিত যাত্রাবিরতি শেষে দুপুর ১টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মুখপাত্র ও মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটে যাত্রাবিরতির পর ফ্লাইটটি নির্ধারিত সময়েই ঢাকায় অবতরণ করেছে।
বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একই দিনে ম্যানচেস্টার বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পরিষেবা পুনরায় চালু করা হয়। অনুষ্ঠানে ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রু এবং ম্যানচেস্টার বিমানবন্দরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৯ জানুয়ারি হুমায়ুন কবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ রুট পুনর্বহালের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকার গঠনের পর রুটটি পুনরায় চালুর ঘোষণা দেন।