যৌন হয়রানি নিয়ে মন্তব্য করে বিপাকে দক্ষিণী অভিনেত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৩:৪১ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
যৌন হয়রানি নিয়ে মন্তব্য করে বিপাকে দক্ষিণী অভিনেত্রী

ভারতের চলচ্চিত্র জগতে যৌন হয়রানি ও কাস্টিং কাউচ প্রসঙ্গে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারের শুরুতে কাজ করতে গিয়ে কখনো কাস্টিং কাউচের মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কি না।

জবাবে হানসিকা জানান, তাঁর জীবনে এমন কোনো অভিজ্ঞতা হয়নি।

এরপর তিনি বলেন, যারা শুধু কাজ করার উদ্দেশ্য নিয়েই আসেন, তাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে না। তিনি আরও জানান, তিনি কেবল কাজের লক্ষ্যেই এসেছিলেন, তাই তাঁর ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি হয়নি।

অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। একাংশের মতে, তাঁর বক্তব্য পরোক্ষভাবে অন্য নারীদের অভিজ্ঞতাকে হালকা করে দেখিয়েছে। পরে উপস্থাপক যখন অন্যদের অভিজ্ঞতা নিয়ে তাঁর মতামত জানতে চান, তিনি বলেন, তাঁর নিজের অভিজ্ঞতা না থাকায় তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না।

এই অংশটি প্রকাশ্যে আসার পর দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিতর্ক তৈরি করে। নেটিজেনদের একাংশ মনে করেন, একজন নারীর এমন মন্তব্য সংবেদনশীলতার অভাব প্রকাশ করে। আবার কেউ কেউ বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও একটি সামাজিক সমস্যার অস্তিত্ব অস্বীকার করা যায় না।