মুক্তিযোদ্ধার সন্তান হয়ে প্রধানমন্ত্রীর দলে নির্বাচিত হওয়া গর্বের—ধর্মমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬ ০৩:০৮ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
মুক্তিযোদ্ধার সন্তান হয়ে প্রধানমন্ত্রীর দলে নির্বাচিত হওয়া গর্বের—ধর্মমন্ত্রী

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নবনির্মিত উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল থেকে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের। আমি এমন একটি রাজনৈতিক দলের অংশ, যার শিকড় স্বাধীনতার ইতিহাসে প্রোথিত।”

 

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক অঙ্গীকার।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের মুক্তিযোদ্ধাদের সহায়তায় মন্ত্রীর পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।

 

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।