রোববার (আজ) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল।
জানা গেছে, শনিবার বিকেলে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগালের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
এদিকে আটকের আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফেরদৌস চৌধুরী তুষার। তিনি দাবি করেন, গত দুই মাসের মধ্যে তিনি কোনোদিনই ওসিকে ফোন করেননি। তার ভাষ্য অনুযায়ী, তিনি তার এক ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় গালাগাল করেছিলেন, যা এডিট করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।