আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে পটিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা এনসিপি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পটিয়া থানার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মশাল হাতে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পটিয়ার রাজপথ। মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, সদস্য সচিব অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক নূরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল মোস্তাফা মুনিরী, যুগ্ম সদস্য সচিব মো. আসিফ ও সহ-প্রচার সম্পাদক হাফেজ সায়েম সিদ্দিকী সোহাগ।
এছাড়া জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, যুগ্ম আহ্বায়ক কাজী সিফাত ও তাজরিয়ান হাসানসহ উপজেলা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্নমতের কারণে কারও বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।