কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না: তিথি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ০৭:০১ অপরাহ্ণ   |   ১৩ বার পঠিত
কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না: তিথি

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি

 

বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, কারো সংসার ভাঙার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাঁর ছিল না।

 

তিথি তাঁর পোস্টে আলভীর সঙ্গে সম্পর্কের অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং তাঁদের মধ্যে নিয়মিত স্বাভাবিক কথোপকথন হতো। নিজের দাবির সপক্ষে তিথি ইকরার সঙ্গে হওয়া ব্যক্তিগত চ্যাটের ৪০টিরও বেশি স্ক্রিনশট জনসমক্ষে প্রকাশ করেছেন।

 

ফেসবুক পোস্টে তিথি লিখেছেন, “কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা নিজেই আমেরিকায় যাওয়ার কথা ভেবেছিল। আমি বরাবরই ওকে বলেছি যে তুমি চাইলেও যেতে পারবে না, কারণ তুমি আলভীকে ভালোবাসো এবং তুমিই তাঁর কুইন।” ইকরাকে আত্মহত্যার উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি প্রশ্ন তোলেন যে, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পর কীভাবে তিনি উসকানি দিতে পারেন।

 

এছাড়া তিথি ইকরার পারিবারিক দূরত্বের বিষয়টিও সামনে এনেছেন। তিনি জানান, ইকরা তাঁর পরিবারের সঙ্গে মানসিক দূরত্বের কারণে কষ্টে ছিলেন এবং ২০১৮ সালে পরিবারের সমর্থন না পাওয়ার বিষয়টিও তিথিকে জানিয়েছিলেন। পরিশেষে তিথি ইকরার আত্মার শান্তি কামনা করেন এবং জানান যে, যদি তাঁর (তিথি) কোনো ক্ষতি হয়, তবে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে।