ইরানের সামুদ্রিক বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা না হলে পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে এই মন্তব্য করেন।
ঘালিবাফ তাঁর পোস্টে উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট গত এক ঘণ্টায় সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্ট করেছেন, যার তথ্যগুলো সঠিক নয়। ট্রাম্পের দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে নয়, বরং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে মাঠপর্যায়ে নির্ধারিত হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল করবে ইরানের নির্ধারিত রুট এবং অনুমতি সাপেক্ষে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সাথে চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বলবৎ থাকবে। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি স্পিকারের পক্ষ থেকে এই পাল্টা হুমকি এলো।
উল্লেখ্য, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। ঘালিবাফের এই মন্তব্য দুই দেশের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি আলোচনাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই হুঁশিয়ারির বিপরীতে নতুন কোনো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে কি না।