স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:


দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ থাকবে না। কারও চাপের কাছে নতি স্বীকার করা হবে না। মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের মূল লক্ষ্য।
 

জনবল সংকট প্রসঙ্গে তিনি জানান, স্বাস্থ্যখাতে প্রকৃতপক্ষে জনবল ঘাটতি রয়েছে কি না—তা খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সকাল ৯টার অফিসে দুপুর ১২টায় আসার সংস্কৃতি আর চলবে না। তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন এবং এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
 

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্যখাত নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করা জরুরি। চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

নিজের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবেও তিনি দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর নির্ভর করতে চান। একেবারে জটিল ও দেশে চিকিৎসা নেই—এমন পরিস্থিতি ছাড়া বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।
 

এ ছাড়া স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করার কথাও সাংবাদিকদের জানান স্বাস্থ্যমন্ত্রী।