রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে বকশীবাজারে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে পুলিশ সেখানে বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে নতুন করে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভে রাজধানীর সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনরত পরীক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো— বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি সম্পূর্ণ সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা আয়োজন করায় অনেকেই যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও দাবি করেন তারা।