ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এন এম মোর্শেদ। তিনি বলেন, মোবাইল ফোন ছিনতাই ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পিবিআই জানায়, নিহত ফয়সাল মোল্লাকে তার আপন খালাতো ভাই বিপু কৌশলে ডেকে নেয়। পরে ফুপাতো ভাই মাসুদের সহায়তায় রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত বিপু ও মাসুদ পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পরপরই তদন্তে নামে পিবিআই ঢাকা জেলা। অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনা এবং পুলিশ সুপার এম.এন. মোর্শেদের তত্ত্বাবধানে গঠিত তদন্ত দল গত ১৯ ও ২০ এপ্রিল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিপুকে গ্রেফতার করে।
গ্রেফতার বিপু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকার একটি নার্সারির কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল আশুলিয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।