গাইবান্ধায় মোটরসাইকেলসহ ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মে ২০২৬ ০১:১২ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
গাইবান্ধায় মোটরসাইকেলসহ ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও ৫৬৫ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 

শনিবার (১৬ মে) সকালে র‍্যাব-১৩ এর কোম্পানি অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

গ্রেফতার মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।
 

র‍্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর রাইগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাঁচা রাস্তার ওপর থাকা একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

অভিযানে দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।
 

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।