পটিয়ায় অশীতিপর বৃদ্ধাকে বসতঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ   |   ৪৯ বার পঠিত
পটিয়ায় অশীতিপর বৃদ্ধাকে বসতঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


 

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের শিকদার পাড়ায় অশীতিপর বৃদ্ধা বকুমা খাতুনকে জোরপূর্বক বসতঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
 

বকুমা খাতুনের অভিযোগ, প্রতিবেশী হারুনুর রশীদসহ ২০ থেকে ৩০ জন লোক নিয়ে তার বাড়িতে গিয়ে বসতঘর ভাঙচুর করা হয়। এ সময় ঘরের টিন, দরজা-জানালা ও চারপাশের বেড়া খুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে তিনি বসতঘর হারিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিকদার পাড়ায় মৃত আবদুস শুক্কুরের স্ত্রী বকুমা খাতুন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ভাঙচুরের পরও ঘরের ভেতরে ফ্রিজ, আলমিরা, গ্যাসের সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল রয়েছে বলে দাবি করেন তিনি।
 

বকুমা খাতুন বলেন, ওই জায়গার মালিক পাঁচজন। হারুনুর রশীদ তাদের একজনের কাছ থেকে জায়গা নিয়ে পুরো জায়গা দখলের চেষ্টা করছেন বলে তার অভিযোগ। এ ঘটনায় তিনি হারুনুর রশীদসহ ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
 

অভিযোগ পাওয়ার পর পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
 

অভিযোগের বিষয়ে হারুনুর রশীদ বলেন, তিনি বকুমা খাতুনের ছেলের কাছ থেকে জায়গাটি নিয়েছেন। তিনি বলেন, ‘কাগজে যা পাব, তাই নিয়েছি। তারা অতিরিক্ত পেলে আমি ছেড়ে দিতে রাজি আছি।’
 

ঘটনাকে কেন্দ্র করে শিকদার পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।