পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ   |   ৬১ বার পঠিত
পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:

 

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পটিয়ার বিওসি রোডস্থ হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় সভাপতিত্ব করেন সরকারের সাবেক সচিব ও সংগঠনের সভাপতি জামাল উদ্দিন আহমেদ।


এতে বক্তব্য রাখেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম, ডা. এ কে এম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, অলি মোহাম্মদ পাপা, আবদুল আলম,শাহ আমির উচ্চ বিদ্যালয়ের সভাপতি মফিজুর রহমান, নাজিম উদ্দিন, জসীম উদ্দিন, আবদুস সালাম, আবু ছিদ্দিক, জাহাঙ্গীর আলম ও মঞ্জুর উদ্দিন চৌধুরী।


বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক স্বাস্থ্য সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব এ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্য গ্রহণ, শরীরচর্চা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


তাঁরা আরও বলেন, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে।