পটিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আঞ্চলিক তথ্য অফিসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ণ   |   ১১৪ বার পঠিত
পটিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আঞ্চলিক তথ্য অফিসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম ও পটিয়া তথ্য অফিসের উদ্যোগে পিআইডির কার্যক্রম বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটিয়ার একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ। পটিয়া তথ্য অফিসের তথ্য অফিসার মো. রহমত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
 

সভায় আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকরা মফস্বল সাংবাদিকতার নানা সমস্যা ও বাস্তবতা তুলে ধরেন। তারা পেশাদার সাংবাদিকদের জীবিকা ও অধিকার নিশ্চিতকরণ, অপসাংবাদিকতা রোধে নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
 

এছাড়া বক্তারা সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য প্রচারে নির্ভরযোগ্য গণমাধ্যম নিশ্চিত করা, সাংবাদিকতার জন্য শিক্ষাগত মানদণ্ড নির্ধারণ এবং কর্মরত সাংবাদিকদের একটি সমন্বিত ডাটাবেইজ তৈরির আহ্বান জানান।