মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন।
নিহত সেলিম মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যেই সেলিম নিহত হন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারা দুজনই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।