রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আড়াই কোটি টাকার সরকারি ভূমি পুনরুদ্ধার, ড্রেজার-এক্সক্যাভেটর অপসারণ, জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে সরকারি সম্পদ রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় সরকারি মূল্যবান ভূমি উদ্ধার, অবৈধ ড্রেজার অপসারণ, দখল উচ্ছেদ এবং অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর বাজার এলাকায় অবৈধ দখলমুক্ত করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরুদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপ এলাকায় ইতিবাচক বার্তা দিয়েছে।
এদিকে পূর্বধৈইর (পূর্ব) ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ড্রেজার ও প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
একই ধারাবাহিকতায় ছালিয়াকান্দি ইউনিয়নের মেলামচর এলাকা থেকে আরও দুটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। এছাড়া জাহাপুর ইউনিয়নে পরিচালিত পৃথক অভিযানে একটি ড্রেজার এবং প্রায় ৫০০ ফুট পাইপ জব্দ ও অপসারণ করা হয়েছে।
অন্যদিকে ছালিয়াকান্দি ইউনিয়নের বালুরচর এলাকায় অভিযান চালিয়ে দুটি এক্সক্যাভেটর অপসারণ এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের দাবি, এসব যন্ত্রপাতি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল।
এ ছাড়া কোম্পানিগঞ্জ বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বাজার এলাকার শৃঙ্খলা ফিরে আসে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মোবাইল কোর্টে আদায়কৃত অর্থদণ্ড সরকারি বিধি অনুযায়ী বেঞ্চ সহকারীর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, সরকারি সম্পদ সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।