হলুদ রঙের খাবার কেন খাবেন? জেনে নিন স্বাস্থ্যগত ৫ গুরুত্বপূর্ণ উপকারিতা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৬ ০২:২৭ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
হলুদ রঙের খাবার কেন খাবেন? জেনে নিন স্বাস্থ্যগত ৫ গুরুত্বপূর্ণ উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক:



সুস্থ থাকতে সুষম খাদ্যের পাশাপাশি বিভিন্ন রঙের ফল ও সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। এর মধ্যে হলুদ রঙের খাবার বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। সূর্যের রঙের মতো উজ্জ্বল এই খাবারগুলোতে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উপস্থিতি, যা শরীরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে।

 

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট Healthy Builders-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত খাদ্যতালিকায় হলুদ রঙের ফল ও সবজি রাখলে হৃদরোগের ঝুঁকি কমানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড়ের সুরক্ষা এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 

হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক

হলুদ রঙের বেশিরভাগ ফল ও সবজিতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। পাশাপাশি এসব খাবারে থাকা ভিটামিন সি শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়ক ভূমিকা পালন করে, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।
 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

হলুদ রঙের খাবারে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করে। এটি শরীরের প্রতিরোধী কোষগুলোকে সক্রিয় করে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। ফলে ফ্লু, সর্দি-কাশির মতো সাধারণ সংক্রমণের ঝুঁকিও কমতে পারে।
 

ত্বকের তারুণ্য ধরে রাখতে কার্যকর

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হলুদ ফল ও সবজি ত্বকের কোষকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে সহায়তা করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং বলিরেখা পড়ার প্রবণতা কমাতে ভূমিকা রাখে।
 

হাড় ও দাঁত মজবুত করে

অনেক হলুদ রঙের ফল ও সবজিতে ক্যালসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁতের গঠন শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ। নিয়মিত এসব খাবার খেলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত সমস্যার ঝুঁকি কমতে পারে। পাশাপাশি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও এটি সহায়ক।
 

দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে

হলুদ রঙের বিভিন্ন ফল ও সবজিতে লুটেইন ও জিয়াজ্যান্থিন নামের দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলো চোখের স্বাস্থ্য রক্ষায় কার্যকর এবং বয়সজনিত দৃষ্টিশক্তির অবনতি ও বিভিন্ন চক্ষুরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
 

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রঙের ফল ও সবজির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে হলুদ রঙের খাবার রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সম্ভাবনা বাড়ে।