দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।


 


 

রোববার (২১ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে ইয়াবা সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 


 

দণ্ডপ্রাপ্তরা হলেন— জালাল উদ্দীন পিন্টু (২৯), মো. শাহিন (২৮), মো. তামিম (২৩) এবং জাহিদুল ইসলাম (৩৭)। তারা সবাই দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা প্রশাসনের একটি দল বাঙ্গুরী গ্রামে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 

রায় ঘোষণার পর রোববার দুপুরেই দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক-সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।