রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, সানায় সৌদি জোটের পাল্টা আঘাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ   |   ৫৪ বার পঠিত
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, সানায় সৌদি জোটের পাল্টা আঘাত

আল–জাজিরা

 

ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের পক্ষ থেকে জানানোর পর এ পাল্টা হামলা চালানো হয়। তবে বিমানবন্দরে হামলার দাবি সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
 

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, তাঁদের বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোরও দাবি করেন তিনি।
 

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই বিমানবন্দরে হামলা চালানোর দাবি করে হুতিরা।
 

এদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

এর আগে রোববারও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজানের একটি নৌঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল হুতিরা। গোষ্ঠীটির অভিযোগ, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হোদেইদাহ, লাহজ, আমরান, সাহদা, আল-জওফ, তাইজ ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে।
 

বেশ কিছুদিন ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলার দাবি করে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। গত শনিবারও সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি হামলা চালানোর দাবি করে তারা।
 

অন্যদিকে সৌদি আরবের অভিযোগ, হুতিরা পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের এ অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।
 

ইরান ইস্যুতে উত্তেজনা, হামলার সম্ভাবনা নাকচ ট্রাম্পের

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজ কোনো হামলা হবে না।’
 

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে চালানো হামলা আগের হামলাগুলোর মতোই কোনো ভিন্ন ফল বয়ে আনবে না। এ পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন।
 

গাজায় নিহত আট ফিলিস্তিনি

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃত পরিস্থিতির মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের সব প্রবেশপথ অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হেবরন শহরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
 

একের পর এক পাল্টাপাল্টি হামলা, সামরিক তৎপরতা ও কূটনৈতিক উদ্যোগের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।