অনলাইন ডেস্ক
গরমের দিনে শরীর সুস্থ রাখতে হালকা ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এ সময় বাজারে উঠতে শুরু করেছে রসালো পাকা আম। স্বাদের ভিন্নতা আনতে ঘরেই সহজে তৈরি করতে পারেন সুস্বাদু ম্যাঙ্গো চিকেন সালাদ। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি সহজপাচ্যও।
সালাদ তৈরিতে লাগবে— ১টি পাকা আম (কিউব করে কাটা), ১ কাপ সেদ্ধ চিকেন (ছোট টুকরো বা শ্রেডেড), ১টি ছোট শসা (পাতলা করে কাটা), আধা পেঁয়াজ (পাতলা করে কাটা), এক মুঠো লেটুস পাতা এবং কিছু ধনে পাতা বা পুদিনা পাতা।
ড্রেসিং তৈরির জন্য প্রয়োজন হবে— ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ মধু, পরিমাণমতো লবণ ও গোলমরিচ।
প্রথমে সব উপকরণ প্রস্তুত করে নিতে হবে। আম এমনভাবে বেছে নিতে হবে যেন তা পাকা হলেও বেশি নরম না হয়। এরপর একটি বড় বাটিতে আম, চিকেন, শসা, পেঁয়াজ ও লেটুস পাতা নিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে।
অন্য একটি ছোট বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে ড্রেসিং তৈরি করতে হবে। এরপর সেই ড্রেসিং সালাদের ওপর ঢেলে হালকাভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আম ভেঙে না যায়।
সবশেষে উপরে ধনে পাতা বা পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে স্বাদ বাড়াতে কিছু বাদামও যোগ করা যেতে পারে। এই সালাদ একাই খাওয়া যায়, আবার টোস্টেড ব্রেড, গার্লিক ব্রেড বা হালকা স্যুপের সঙ্গেও পরিবেশন করা যেতে পারে।