খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরে এসে নীরব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৬ ০৮:০৩ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরে এসে নীরব

খুলনা প্রতিনিধি

 

খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর প্রায় ৪০ মিনিটের মধ্যে তাকে আবার কার্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়। তবে কারা তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় ৩-৪টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তার রিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন রিকশায় উঠে পড়েন। একপর্যায়ে একজন তার মুখ চেপে ধরেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে কিছুদূর যাওয়ার পর তাকে মোটরসাইকেলে তুলে নগরীর কালীবাড়ি ঘাট এলাকার একটি দোকানের দিকে নিয়ে যাওয়া হয়।
 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশও কালীবাড়ি ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তন্ময় কুমার মণ্ডলকে রিকশায় করে কার্যালয়ে ফিরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় তিনি আতঙ্কিত ও ঘর্মাক্ত ছিলেন।
 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল বলেন, কয়েকজন যুবক তাকে কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজপত্র সঠিক কি না তা দেখতে দিয়েছিল। কাজ শেষে তারাই তাকে রিকশায় তুলে দেয়।
 

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এর কিছু সময় পরই সাব রেজিস্ট্রার ফিরে আসেন। কিছু কাগজপত্র দেখার জন্য কয়েকজন তাকে ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল এবং পরে ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।
 

স্থানীয়দের দাবি, কালীবাড়ি ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য রয়েছে। তবে সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।