মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ   |   ৪৮ বার পঠিত
মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর–৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি শুধু বিএনপির এমপি নই, আমি সব দলের মানুষের এমপি।” তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।

 

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ওই নির্বাচনে চরপাকেরদহ ইউনিয়নের জনগণ বিপুল ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি বা দিতে পারেননি—সবার প্রতিই তিনি কৃতজ্ঞতা জানান।

 

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আগামী পাঁচ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–এর নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, সহসভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস।

 

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা রাশেদ মোশারফ।

 

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর মধ্যে ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ফিরোজের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এবং এফকেএটিএসএসকেএ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি শাহ মো. জেকরুল ইসলাম সুজন ও সুপার মাওলানা আবদুল বারীর নেতৃত্বে শিক্ষকরা শুভেচ্ছা জানান।