অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৬:১৭ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রী

ঢাকা প্রেস, বুধবার (২২ এপ্রিল):

 

 

অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

প্রধানমন্ত্রী বলেন, “হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে। তবে আমরা চেষ্টা করছি, ভবিষ্যতে যেন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।”
 

তিনি আরও বলেন, “আমরা সব রাজনৈতিক দল মিলে একটি স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো— সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময়েও গত কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।”
 

তারেক রহমান জানান, এ কারণে স্বাভাবিকভাবেই টিকাদান কার্যক্রমে কিছু জটিলতা তৈরি হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে ইউনিসেফ বাংলাদেশকে সহযোগিতা করেছে।
 

তিনি বলেন, “ইউনিসেফ দ্রুত হামের ভ্যাকসিন আমাদের সরবরাহ করেছে। ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে।”
 

হাম পরীক্ষার কিট সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কিছু কিটের ঘাটতি রয়েছে। তবে সরকার এ বিষয়ে কাজ করছে এবং ইতোমধ্যে অনেক কিট দেশে এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি পরীক্ষা করা যায় বলেও তিনি উল্লেখ করেন।
 

তিনি আরও জানান, কিছু কিট এখনো বিমানবন্দরের কাস্টমসে রয়েছে এবং সেগুলো দ্রুত ছাড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।