ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ   |   ৪ বার পঠিত
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭

তাফসির আহাম্মদ,বিশেষ প্রতিনিধি কুমিল্লা:

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় জিআর পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের মাধ্যমে আরও পাঁচজনসহ মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার (৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক এই অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শশীদল ইউনিয়নের শশীদল বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে আশাবাড়ি থেকে শশীদল রেলস্টেশনগামী পাকা ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সোনারপাড়া গ্রামের আজিজুর ফকিরের মেয়ে জান্নাতুল নেছা মৌ (২৪), বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নবীনগর প্রেম রোড এলাকার ভাড়াটিয়া (স্বামী-মো. তাইজুল ইসলাম প্রকাশ কাজল) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর বক্তাবলী গ্রামের মো. মাসুম মিয়ার ছেলে মো. কাওসার আহমেদ ফাহিম (২৫), বর্তমানে একই এলাকার ভাড়াটিয়া।

 

অপরদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. মুছা ও এএসআই লিংকন কুমার নাথ নিজ নিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জামতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি আকলিমা (৩০) ও আলামিনকে (৩২) গ্রেফতার করেন।

 

এ ছাড়া গত ৬ নভেম্বর এসআই মো. শামীম হোসেন ও এসআই মো. তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তারা হলেন—দক্ষিণ চান্দলার (করিমপুর আশ্রয়কেন্দ্র) মো. জসিম উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (২০), বড় নাগাইশের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. জাবের (১৯) এবং ধান্যধৌলের মো. মাসুদের ছেলে হানিফুল ইসলাম সিহাব (২৬)।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত সব আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।