ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুন ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস


 

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

 

রাষ্ট্রপক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা হাসানুল হক ইনুকে অভিযোগ থেকে খালাস দেওয়ার আবেদন জানান।

 

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
 

নিহত ব্যক্তিরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।
 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। পরে ২ নভেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।