আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পটিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম গৈড়লা সুরেশানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মৎ সেলিনা আকতার।
রোববার বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর প্রাথমিক শিক্ষা পদক প্রদান কমিটির আহ্বায়ক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। শিক্ষাক্ষেত্রে অবদান, পাঠদানের মান ও সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
সেলিনা আকতার পটিয়া পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের নুরে আমির মঞ্জিলের বাসিন্দা এবং অধ্যাপক রওশনগীর আমিরীর সহধর্মিণী। তিনি ২০০৯ সালে সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
নিজের এই অর্জন প্রসঙ্গে সেলিনা আকতার বলেন, “আমি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে গেছি। পুরস্কারের জন্য নয়, দায়িত্ববোধ থেকেই আমি এসব কাজ করেছি।”
তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”